ফরহাদ খান, নড়াইল : ডেঙ্গু প্রতিরোধে নড়াইলে সচেতনতামূলক শোভাযাত্রা ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১০টায় নড়াইল জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে নড়াইল জেলা হাসপাতাল চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে নড়াইল জেলা হাসপাতাল চত্বরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি অতিথিরাও অংশগ্রহণ করেন। কর্মসূচিতে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম, জেলা হাসপাতালের তত্ত্বাবাবধায়ক ডা. আব্দুল গাফফার, সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি এম রাহসিন কবির, জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুব্রত কুমার, ডা. সুজল কুমার বকসী, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আলিমুজ্জামান সেতুসহ চিকিৎসকরা অংশগ্রহণ করেন। অতিথিরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনাসহ আশেপাশে নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি যাতে পানি জমে না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ির ভেতরে বা আঙিনায় ফুলের টব, টায়ার, ডাবের খোসা, ড্রাম বা পরিত্যক্ত পাত্রে পাঁচদিনের বেশি যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। অব্যবহৃত পাত্রগুলো উল্টো করে রাখতে হবে। এছাড়া ব্যবহৃত পাত্রে জমে থাকা পানিতে মশার ডিম ধ্বংস করতে পাত্রের গা ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে ঘসে পরিস্কার করতে হবে। পাশাপাশি এডিস মশার কামড় থেকে সুরক্ষিত থাকার চেষ্টা করতে হবে। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতাই আমাদের প্রধান হাতিয়ার। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাই এগিয়ে আসুন। এদিকে, নড়াইলের লোহাগড়া ও কালিয়া উপজেলা শহরে এ কর্মসূচি পালিত হয়েছে।