নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে শাশুড়িকে মারধরের অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে। এ ঘটনায় আহত নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৮ জুন) বিকেলে পৌরসভার থানাপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
আহত সুখতারা খাতুন (৪০) থানাপাড়া এলাকার নুরুজ্জামানের স্ত্রী। অভিযুক্ত টনি (৩৪) উপজেলার মির্জাপুর এলাকার আক্তারের ছেলে এবং সুখতারার মেয়ের স্বামী।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে বিরোধের একপর্যায়ে টনি তার শাশুড়ি সুখতারা খাতুনকে মারধর করেন। এতে তার কপালসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।