প্রেসবিজ্ঞপ্তি : মানবপাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের নিয়ে ১০ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ ১৫ জুন বিকেলে শেষ হয়েছে। মানবাধিকার সংগঠন রাইটস যশোর’র আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসুচিটি গত ৬ জুন সকালে শহরের কারবালা রোডস্থ শহীদ স্বপন সড়কে অবস্থিত ‘প্রশান্তি নিলয় সেল্টারহোম’ এর কনফারেন্স রুমে শুরু হয়। দাতা সংস্থা সুইজারল্যান্ড এ্যাম্বাসির অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় পরিচালিত ‘আশ্বাস’ প্রকল্পের অধীনে এ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্যসহ প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন প্রকল্প ব্যবস্থাপক এসএম আজহারুল ইসলাম। ১০ দিনব্যাপী এ কর্মসূচির সেশন পরিচালনা করেন আশ্বাস প্রকল্পের কেস ম্যানেজার (ইকোনমিক ডেভেলপমেন্ট) ফাতিমা আফরোজ রুমকি, কেস ম্যানেজার সোশ্যাল সার্ভিস কৃষ্ণা রানী সাহা ও ইকোনমিক ডেভেলপমেন্ট পার্টের জাহিদুর রহমান। উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী সারভাইভাররা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে নিজ নিজ ব্যবসায় সফলতার কথা উল্লেখ করেন। প্রশিক্ষণ শেষে তারা আশ্বাস প্রকল্পের এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা আরো বলেছেন, হাতে কলমে এ ধরনের প্রশিক্ষণ তাদের জীবনের মোড় ঘোরাতে সহায়ক ভূমিকা পালন করবে বলে তাদের বিশ্বাস। তাই প্রশিক্ষণ থেকে লব্ধ এ জ্ঞান সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে। তাহলে জীবনে সফলকাম হওয়া সম্ভব বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এক পর্যায়ে এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য তারা সকলে রাইটস যশোর, উইনরক ইন্টারন্যাশনাল ও দাতা সংস্থা সুইজারল্যান্ড সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উইনরক ইন্টারন্যাশনাল ‘আশ্বাস’ প্রকল্পের প্রোগ্রাম অফিসার-বিজনেস ডেভেলপমেন্ট সাদিয়া ইসলাম। সবশেষে অনুষ্ঠানের সভাপতি বিনয় কৃষ্ণ মল্লিক সকলকে ধন্যবাদ জানিয়ে ১০ দিনব্যাপী এ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। কর্মসূচিতে যশোর জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত ২৫ জন মানবপাচারের পর ফিরে আসা নারী-পুরুষ অংশগ্রহণ করেন।