প্রেসবিজ্ঞপ্তি: রংপুরে হোটেল শ্রমিক শাওন হত্যার প্রতিবাদে যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজি. নং খুলনা-২২০৮)-এর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১২টার দিকে বিক্ষোভ মিছিল পাইপপট্টি মোড় থেকে শহর প্রদক্ষিণ করে প্রেসক্লাব যশোরের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সাধারণ সম্পাদক কৃষ্ণা সরকার, ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক কামাল পারভেজ বুলু। এছাড়াও বক্তব্য রাখেন শ্রমিকনেতা মনির হোসেন, মোঃ জসিম, মোঃ হাসিব প্রমুখ। মজিবর রহমান খান মহারাজের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন। বক্তারা বলেন- গত ১৬ জুন দিবাগত রাত অনুমানিক ৯টার পরে রংপুর নগরীর খামার বাড়ির মোড়ে অবস্থিত আলমের হোটেলে কাজ করা অবস্থায় মালিকের ছেলে মিজানুর রহমান মনু হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে আলম হোটেলের শ্রমিক শাওনকে। এ হত্যার প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।