নিজস্ব প্রতিবেদক: কেশবপুরে যুবকের বিরুদ্ধে গুজব ছড়িয়ে মানহানির ও মারপিটের অভিযোগে তিনজনের বিরুদ্ধে যশোর আদালতে আলাদা মামলা হয়েছে। সোম ও মঙ্গলবার কেশবপুরের সাহাপড়ার আকাশ কুমার সাহা বাদী হয়ে আলাদা মামলা করেছেন। আদালতের বিচারক উভয় অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কেশবপুর থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদির আইনজীবী হাবিবুর রহমান। আসামিরা হল, কেশবপুরের সাহাপাড়ার প্রাণ সাহার স্ত্রী শংকরী সাহা এবং শংকর দত্ত ও তার ছেলে নয়ন দত্ত। মামলার অভিযোগে জানা গেছে , উপজেলার সাহাপাড়ার বাসিন্দা ব্যবসায়ী আকাশ কুমার সাহার বিরুদ্ধে একই এলাকার আসামিরা এক নারীকে জড়িয়ে বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়াচ্ছেন। গত ১৪ জুন দুপুরে সাহাপাড়া এলাকার একটি বাড়ির পেছনে কয়েকজনের উপস্থিতিতে গুজব ছড়ানোর বিষয়ে জানতে চাইলে শংকরী সাহা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এসব কথা বলে বেড়াচ্ছে বলে জানান। এছাড়া পরদিন অপর দুই আসামির কাছে গুজব ছড়ানোর কথা জানতে চাইলে আসামিরা তাকে নানাভাবে হুমকি দিতে থাকে। বাক বিতান্ডার একপর্যায়ে আকাশ সাহাকে আসামিরা মারপিট করে জখম করে। আকাশ সাহার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আসামিরা তাকে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। মিথ্যা এহেনও গুজবে আকাশ সাহা সামাজিকভাবে বিব্রত ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ধরনের অপপ্রচারের কারণে তার ব্যক্তি ও পারিবারিক সম্মান ক্ষুন্ন হওয়ায় তিনি আদালতে মামলা করেছেন।