স্পন্দন ডেস্ক : ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর বিশেষজ্ঞ প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএফটিবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। সভায় কারিকুলাম উন্নয়ন, শিল্পমুখী দক্ষতা বৃদ্ধি, পেশাগত প্রশিক্ষণ এবং গবেষণাগার উন্নয়নে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। জাইকার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মি. শোজি আকিহিরো (Shoji Akihiro), চিফ অ্যাডভাইজর ও জাইকা বিশেষজ্ঞ এবং মিস কাৎসুকি নাহো (Katsuki Naho), প্রজেক্ট কো-অর্ডিনেটর, জাইকা-বিসিসি-বেসিস টিসিপি (JICA-BCC-BASIS TCP) প্রকল্প। সভায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে বিভাগীয় কার্যক্রম, এবং বিভাগের তত্ত্বাবধানে প্রশিক্ষণ সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা এবং সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রসমূহ উপস্থাপন করা হয়। সভায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় যে, স্নাতক পর্যায়ের বিদ্যমান পাঠ্যক্রমে ইতোমধ্যে জাইকা-সমর্থিত B-TopSE কর্মসূচির বিভিন্ন ধারণা ও শিক্ষণফল অন্তর্ভুক্ত করা হয়েছে। সফটওয়্যার আর্কিটেকচার, ক্লাউড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মৌলিক নীতিমালা, রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিং এবং সাইবার সিকিউরিটি বিষয়ক কোর্সসমূহে এসব উপাদান সংযোজনের মাধ্যমে শিক্ষার্থীদের শিল্প-উপযোগী দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় উদীয়মান সফটওয়্যার প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থী, শিক্ষক এবং শিল্পখাতের পেশাজীবীদের জন্য নিয়মিত পেশাগত প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের প্রস্তাব উপস্থাপন করা হয়। প্রস্তাবিত প্রশিক্ষণের মধ্যে রয়েছে সফটওয়্যার আর্কিটেকচার, ক্লাউড কম্পিউটিং, অ্যাজাইল মেথডোলজি, ডেভঅপস এবং সাইবার সিকিউরিটি বিষয়ে প্রশিক্ষণ। এসব প্রশিক্ষণে ইউএফটিবির অভিজ্ঞ শিক্ষক ও বিশেষজ্ঞরা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। সভায় ২০২৬-২৭ সালের জন্য একটি ত্রৈমাসিকভিত্তিক প্রশিক্ষণ রোডম্যাপও উপস্থাপন করা হয়। এর আওতায় ধারাবাহিকভাবে সফটওয়্যার আর্কিটেকচার, ক্লাউড কম্পিউটিং, অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট, সাইবার সিকিউরিটি এবং অ্যাডভান্সড সফটওয়্যার আর্কিটেকচার বিষয়ে কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা রয়েছে। সভায় শিক্ষার্থী, শিক্ষক ও শিল্পখাতের প্রতিনিধিদের জন্য পৃথক প্রশিক্ষণ ট্র্যাক এবং সমন্বিত প্রশিক্ষণ মডেলের প্রস্তাবও উপস্থাপন করা হয়। এর মাধ্যমে জ্ঞান বিনিময়, নেটওয়ার্কিং এবং বাস্তব শিল্প-চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়। এছাড়া জাইকা প্রতিনিধিদের বিশ্ববিদ্যালয়ের নবপ্রতিষ্ঠিত সফটওয়্যার আর্কিটেকচার অ্যান্ড সিস্টেম ডিজাইন ল্যাবরেটরি পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়। এ সময় ল্যাবের বিদ্যমান সুবিধা, শিক্ষার্থীদের প্রকল্প ও গবেষণা কার্যক্রম প্রদর্শনের পাশাপাশি ভবিষ্যৎ যৌথ উদ্যোগ ও ল্যাব উন্নয়নের সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়। ইউএফটিবির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ আশা প্রকাশ করে যে, জাইকার সহযোগিতায় এসব উদ্যোগ বাস্তবায়িত হলে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ও পেশাজীবী আধুনিক প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের সুযোগ পাবেন, শিক্ষার্থীদের শিল্প-প্রস্তুতি আরও বৃদ্ধি পাবে এবং বিশ্ববিদ্যালয়-শিল্পখাতের সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে।