প্রেসবিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা’ শীর্ষক প্রশিক্ষণ ০১ অক্টোবর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে ইউজিসির হিট প্রকল্পের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিসিপ্লিনে বাস্তবায়িত সাব-প্রকল্পের অধীনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। সকাল ৯টা ৩০ মিনিটে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন। তিনি বলেন, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্পর্কে সচেতনতা কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে। ফার্মেসী ডিসিপ্লিনের প্রধান (চলতি দায়িত্ব) প্রফেসর ড. জামিল আহমদ শিল্পীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিসিপ্লিনের প্রফেসর ড. সমীর কুমার সাধু। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের এসপিএম প্রফেসর ড. উৎপল কুমার কর্মকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রফেসর ড. শ্রাবন্তী দেব। উদ্বোধনী অনুুষ্ঠানের পর তিনটি ট্রেনিং সেশনে বিষয়ভিত্তিক আলোচনা করা হয়। ‘ইন্ট্রোডাকশন টু অকুপেশনাল হেলথ এন্ড সেফটি’ শীর্ষক সেশন পরিচালনা করেন প্রকল্পের এএসপিএম প্রফেসর ড. মোঃ ইকবাল আহমেদ, দ্বিতীয় সেশনে ‘কেমিক্যাল এন্ড ল্যাবরেটরি সেফটি’ বিষয়ে আলোচনা করেন প্রফেসর ড. নৃপেন্দ্র নাথ বিশ্বাস এবং তৃতীয় সেশনে ‘বায়োসেফটি’ বিষয়ে আলোচনা করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ঢাকার ফার্মেসী বিভাগের চেয়ারপার্সন প্রফেসর ড. মোঃ আমিরুল ইসলাম। প্রশিক্ষণে ফার্মেসী ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। সমাপনী ও মতবিনিময় পর্বে অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ থেকে অর্জিত অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। এ পর্ব পরিচালনা করেন প্রকল্পের এসপিএম প্রফেসর ড. উৎপল কুমার কর্মকার।