নিজস্ব প্রতিবেদক : মহাকবি মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সোমবার আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, মধুসূদন দত্ত শুধু দেশের সাহিত্যে নয়, বিশ্ব সাহিত্যে আলো ছড়িয়েছেন। লিখেছেন বাংলা সাহিড্যের প্রথম মহাকাব্য। তাঁর আগে সাহিত্যে কেন ব্যক্তি স্বাধীনতা ছিল না। তিনি তার লেখনীর মাধ্যমে সাহিত্যে বিপ্লব ঘটান, দেশ প্রেম সৃষ্টি করেন। উগ্রপন্থী, অশ্লীলতা, অত্যাচার শোসনের বিরুদ্ধে দেশের মানুষকে সোচ্চার করে তোলেন। মানুষের মাঝে দেশ প্রেম, জাতীয়তাবাদ সৃষ্টি করা তার লক্ষ্য।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস, সরকারি সিটি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর খন্দকার কামরুল ইসলাম, সরকারি মহিলা কলেজের বাংলার সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেন, লেখক গবেষক অধ্যাপক শওকত শাহী, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ। পরিচালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস। আলোচনা শেষে আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৬ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।