নিজস্ব প্রতিবেদক: চৌগাছার বেড়গোবিন্দপুর বাঁওড়ের পাহারাদার আতিয়ার রহমান হত্যা মামলায় পাহারাদার আব্দুল আব্দুল আলিমকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার ফতেপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল আলিম ফতেপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই শেখ হাদীউজ্জামান জানান, নৈশ প্রহরী আতিয়ার রহমান হত্যাকাণ্ডে জড়িত কবির হোসেনকে ইতোপূর্বে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে। কবির হোসেনের আদালতে দেয়া জবানবন্দিতে আতিয়ার রহমান হত্যার পরিকল্পনাকারী ও সহযোগিতা করেন আরেক পাহারাদার আব্দুল আলিম। ফলে হত্যার পরিকল্পনা ও সহযোগীতার অভিযোগে তাকে আটক করা হয়েছে। আটক আব্দুল আলিমকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। উল্লেখ্য, নিহত নৈশপ্রহরী আতিয়ার রহমান উপজেলার লস্কারপুর গ্রামের বাসিন্দা। গত ২১ জুন দুপুরে বেড়গোবিন্দপুর বাঁওড়ের ডাইনের বিল ক্যানেল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই রাশেদ আলী ৯ জনের নাম উল্লেখসহ অপরিচিত ৮/১০ জনকে আসামি করে চৌগাছা থানায় মামলা করেন। মামলাটি প্রথমে চৌগাছা থানার পুলিশ পরে ডিবি পুলিশ তদন্তের দায়িত্ব পায়।