সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) : মাগুরার মহম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মো. রিপন ফকির (২৮) নামে এক পেশাদার ডাকাত ও অস্ত্রধারী অপরাধীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিপন ফকির ফরিদপুর জেলার সালথা থানার বাংকরাইল (বারই খোলা) গ্রামের মো. কেরামত ফকিরের ছেলে। বুধবার দুপুরে কুখ্যাত ডাকাত রিপনকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মহম্মদপুর থানায় দায়ের করা একটি মামলার এসআই গাজী ইকবাল হোসেন তদন্ত করতে গিয়ে মহম্মদপুর বাজার এলাকায় অভিযান পরিচালনাকালে রিপন ফকিরকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পুলিশ জানতে পারে, রিপন ফকির একজন দাগী অপরাধী। তার বিরুদ্ধে ফরিদপুর, বোয়ালমারী ও মাগুরার বিভিন্ন থানায় ডাকাতি, চুরি ও অস্ত্রসহ অন্তত এক ডজন মামলা রয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানা, সালথা থানা ও মাগুরার বিভিন্ন থানায় অন্তত ৭টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কয়েকটি মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে এবং কিছু মামলা তদন্তাধীন রয়েছে। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ এম. শামিম আহমেদ জানান, গ্রেফতারকৃত আসামি একজন পেশাদার ডাকাত এবং তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।