নিজস্ব প্রতিবেদক : আষাঢ়ের শুক্লা দ্বিতীয় তিথিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোরে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের ৯ দিনব্যাপী রথযাত্রা। বৃহস্পতিবার সকালে বিভিন্ন মন্দিরে মাঙ্গলিক আচার, পূজা ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। বিকেলে হাজারো ভক্তের উপস্থিতিতে রথের রশি টেনে এই উৎসবের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে এই উৎসব শেষ হবে। শহরের বিভিন্ন মন্দিরে ছিল রথযাত্রার আয়োজন। এর মধ্যে অন্যতম ইসকন মন্দির। শহরতলীর চাঁচড়া দশমহাবিদ্যা এই ইসকন মন্দির থেকে বিকেলে বর্ণিল শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি বেজপাড়া তারাপ্রসন্ন বালিকা বিদ্যালয়ের সামনে শ্রীশ্রী শ্যামা মায়ের মন্দিরে গিয়ে শেষ হয়। এখানে বিগ্রহসহ রথটি সাতদিন অবস্থান করবে। অন্যান্য মন্দিরের মধ্যে ঝুমঝুমপুর রাধাগোবিন্দ মন্দির থেকে জগন্নাথ-বলরাম-সুভদ্রার রথ শোভাযাত্রা সহকারে বেজপাড়া গয়ারাম রোডের মন্দিরে নেয়া হয়। এছাড়া নীলগঞ্জ মহাশ্মশান, রামকৃষ্ণ আশ্রম ও মিশন এবং বেজপাড়া পূজা মন্দিরেও ধর্মীয় আলোচনা ও উৎসবমুখর পরিবেশে রথটানা অনুষ্ঠিত হয়। এদিকে রথযাত্রা উপলক্ষে বিভিন্ন মন্দির প্রাঙ্গণ ও রাস্তার দু’ধারে বসেছে খেলনা ও মাটির পুতুলের অস্থায়ী দোকান। ভক্তদের উপচে পড়া ভিড়ে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।