Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

প্রাক্তন স্বামীর বিরুদ্ধে মামলা করে বিপাকে স্কুল শিক্ষিকা শিরিন শিলা!

এখন সময়: রবিবার, ১৯ জুলাই , ২০২৬, ০১:৫১:১৪ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরে অপহরণ ও নির্যাতনের মামলা তুলে নিতে স্কুল শিক্ষিকা শিরিন শিলাকে হুমকির অভিযোগে প্রাক্তন স্বামীসহ চারজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেলে ভুক্তভোগী শিরিন শিলা বাদী হয়ে অভিযোগটি দায়ের করেন। নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক এসআই কবির হোসেন মোল্যাকে অভিযোগ তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। অভিযোগকারী শিরিন শিলা যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামের মোশারফ হোসেনের মেয়ে। তিনি বাঘারপাড়ার খলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষিকা পদে কর্মরত। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, তার প্রাক্তন স্বামী বাঘারপাড়া উপজেলার জামদিয়া গ্রামের মৃত মেজবাউর রহমানের ছেলে ফিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন এবং ভরণপোষণের দায়িত্ব পালন করতেন না। এই কারণে গত ২০২৪ সালের ২৪ ডিসেম্বর তাদের আইনানুগভাবে বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। এরপর থেকে তিনি পিতার বাড়িতে বসবাস করে আসছেন। অভিযোগে আরও বলা হয়, বিবাহবিচ্ছেদের পর থেকেই প্রাক্তন স্বামী বিভিন্ন মিথ্যা মামলা, কুৎসা রটনা, পথরোধ, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির মাধ্যমে তাকে হয়রানি করে আসছেন। গত ২০২৫ সালের ১৮ মে তাকে বাঘারপাড়ার ধলগা রাস্তা থেকে অপহরণের পর মারধর ও ৬ ছয় ঘণ্টা আটকে রাখার ঘটনাও ঘটে। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাকে মারধরের ভিডিও ফুটেজ তার কাছে সংরক্ষিত আছে। এ ঘটনায় তিনি ৬ জনের বিরুদ্ধে যশোরের আদালতে মামলা দায়ের করেন। আসামিরা হলেন জামদিয়া গ্রামের ফিরাজুল ইসলাম বিপুল, নিছার আলী, মোহাম্মদ রাসেল, এরশাদ আলী, মোহাম্মদ সাকিব ও দশপাখিয়া গ্রামের বায়জিদ। মামলা করার পর থেকে ফিরাজুল ও তার পক্ষের লোকজন বেপরোয়া হয়ে ওঠে। মামলা তুলে নেওয়ার জন্য বললেও তিনি অস্বীকৃতি জানান। এদিকে, ১৭ জুলাই বিকেলে অভিযুক্ত সিরাজুল ইসলাম তার ফুফাতো ভাই উজ্জল মোল্যা ও চাচাতো ভাই তরিকুল ইসলামসহ আরও কয়েকজন সহযোগীকে নিয়ে তার চাচা গিয়াস উদ্দিনের বাড়িতে যান। সেখানে তাদের ডেকে বিচারাধীন মামলা তুলে নেয়ার জন্য ভয়ভীতি ও চাপ প্রয়োগ করা হয়। মামলা প্রত্যাহার না করলে অভিযোগকারী ও তার বাবার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। শিরিন শিলা আরও দাবি করেন, অভিযুক্তরা তাকে চাকরি করতে বাধা দেয়ার পাশাপাশি সুযোগ পেলেই রাস্তাঘাটে হেনস্তার হুমকি দিচ্ছেন। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। অভিযোগের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ফিরাজুল ইসলাম কোন মন্তব্য করতে রাজি হননি। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক এসআই কবির হোসেন মোল্যা জানান, অভিযোগ হাতে পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)