নিজস্ব প্রতিবেদক: জামায়াত নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নারী ঘটিত কর্মকাণ্ডের প্রতিবাদে উত্তাল যশোরের রাজপথ। অভিযুক্তকে অবাঞ্চিত ঘোষণা করে বুধবার সচেতন নারী সমাজ যশোর মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ তার কুশপুত্তলিকা দাহ করে। শহরের চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা হয়ে একাত্তরের ওই দলের ভূমিকা দেখেছি। রাজাকার আল বদরদের প্রত্যক্ষ সহযোগিতায় পাকিস্তান হানাদার বাহিনী আমার মা বোনদের ইজ্জত সমভ্রম নষ্ট করেছিল। বর্তমান ২৬ সালে আবারও তারা নতুনভাবে আর্বিভূত হয়েছে। জামায়তের গাজী নজরুল ইসলামের কর্মকাণ্ডের মাধ্যমে সেটিই প্রমাণ করে। এ সময় যশোরের বিশিষ্ট নারী নেত্রী ও পৌরসভার সাবেক কাউন্সিলর রাশিদা রহমান বলেন, জামায়াত নেতা ও একজন জনপ্রতিনিধির এমন নৈতিক স্খলন কোনোভাবেই মেনে নেয়ার মতো নয়। মানুষের সামনে যখন তাদের এই জাতীয় অপকর্মের গোমর ফাঁস হয়ে যায়, তখন তারা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে। গাজী নজরুল ইসলামের মতো একজন জনপ্রতিনিধির এমন নিন্দনীয় ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার কোনো সুযোগ নেই। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী নেত্রী শামসুন নাহার পান্নাসহ সচেতন নারী সমাজের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।