নিজস্ব প্রতিবেদক : ফাঁসির দণ্ডপ্রাপ্ত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী ২৫ জুলাই (শনিবার) যশোরে গণসমাবেশের ডাক দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল। সমাবেশটি সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার যশোর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল। সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার বেলা সাড়ে তিনটায় যশোর শহরের চৌরাস্তা মোড়ে এই গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, এমপি। এছাড়া বিশেষ বক্তা হিসেবে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে মোস্তফা আমির ফয়সাল বলেন, "গত সাত দিন আগে সমাবেশের তারিখ ঘোষণার পর থেকেই জেলা স্বেচ্ছাসেবক দলের সবকটি সাংগঠনিক ইউনিট প্রস্তুতি সভা শেষ করেছে। গণসমাবেশ নিয়ে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। আশা করছি, এই সমাবেশ অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি জনসমাগমের মাধ্যমে জনসমুদ্রে পরিণত হবে।" ছুটির দিনে শহরের চৌরাস্তা মোড়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার বিষয়ে তিনি বলেন, "সমাবেশ চলাকালীন সাধারণ মানুষের চলাচলে সাময়িক বিঘ্ন ঘটতে পারে, সেটির জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে আগে থেকেই আন্তরিক দুঃখ প্রকাশ করছি।" একই সঙ্গে ফ্যাসিস্টদের শাস্তির দাবিতে আয়োজিত এই গণসমাবেশ সফল করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তিনি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, যুগ্ম আহ্বায়ক শামীম আক্তার, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল বাশার সুজন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম এবং সদস্য রাজু আহমেদসহ নেতৃবৃন্দ।