আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার রথতলা সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য উল্টো রথযাত্রা বের করা হয়। রথটি উপজেলার পুজা মন্দির থেকে স্বাধীনতা স্মৃতি স্তম্ভ মোড় হয়ে শহরের প্রধান প্রধান রোড হয়ে মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। প্রধান অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ বানি ইসরাইল। বিশেষ অতিথি ছিলেন রথযাত্রা উদযাপন কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুর সুশীল কুমার ভৌতিকা, পরিমল কুমার ঘোষ কালু, ডাঃ অমল কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মণীন্দ্রনাথ দত্ত, বিশ্বজিৎ সাধুখা, পলাশ আচার্য, তপন বিশ্বাস, পিন্টু আগরওয়ালা, উত্তম দেবনাথসহ স্থানীয় সুধীজন। উল্টো রথযাত্রায় হাজার হাজার ভক্ত-অনুরাগী, নারী-পুরুষ, শিশু-কিশোর এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। ভক্তরা "জয় জগন্নাথ" ধ্বনিতে মুখরিত করে তোলেন পুরো এলাকা। এ সময় ভক্তরা রথের দড়ি টেনে পূণ্য লাভের আশায় অংশগ্রহণ করেন। আয়োজনকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে বিশেষ পূজা-অর্চনা, গীতাপাঠ, কীর্তন, প্রসাদ বিতরণ এবং ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।