নিজস্ব প্রতিবেদক : যশোরের মণিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় ফজিলা খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। একই দিনে চৌগাছায় সুমাইয়া আক্তার (২১) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মনিরামপুর উপজেলার বেগারিতলা বাজারসংলগ্ন বাঁশের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজিলা খাতুন অভয়নগর উপজেলার জুগনিপাশা গ্রামের মন্টু মোল্লার স্ত্রী। বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাওয়ার পথে সড়ক পার হওয়ার সময় যশোরগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী অভিষেক (২৮) ও নন্দিতা বসু (৪৬) আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। তারা সেখানে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত বলে জানা গেছে। ঘটনাস্থলে হাইওয়ে থানা পুলিশ রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অন্যদিকে, মঙ্গলবার রাত ১০টা থেকে রাত ১টার মধ্যে চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের সাঞ্চাডাঙ্গা গ্রামে শ্বশুরবাড়িতে সুমাইয়া আক্তার আত্মহত্যা করেন। তিনি ওই গ্রামের শাহিন হোসেনের স্ত্রী। তার স্বামী মালয়েশিয়ায় প্রবাসী। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে মোবাইল ফোনে স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর সুমাইয়া নিজ শয়নকক্ষে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায়ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।