নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে এক প্রবাসীর স্ত্রী বিষপানে আত্মহত্যা করেছেন। ৫ মাস আগে ওই প্রবাসীর সাথে তার মোবাইলে বিয়ে হয়েছিলো। আত্মহননকারী ইতি খাতুন (১৬) উপজেলার উল্লো গ্রামের আক্কাস আলীর মেয়ে। তার মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে রয়েছে। স্বজনরা জানিয়েছেন, ৫ মাস আগে বাসুদেবপুর গ্রামের বাবলু হোসেনের ছেলে মালয়েশিয়া প্রবাসী রবিউল ইসলামের সাথে ইতি খাতুনের পারিবারিকভাবে মোবাইলে বিয়ে হয়। বিয়ের পর থেকে ইতি পিতার বাড়িতেই ছিলো। পারিবারিক কলহের জের ধরে ১৯ জুলাই বিকেলে বিষপান করে। বাড়ির লোকজন বুঝতে পেরে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে ইতি মারা যায়। হাসপাতালের মর্গে দায়িত্বরত পুলিশ সদস্য মনির হোসেন জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে ইতির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।