Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে জামিনে বেরিয়ে ফের মাদক কারবার, ৬ মাসের কারাদণ্ড

এখন সময়: শুক্রবার, ১৪ আগস্ট , ২০২৬, ০৪:০১:০৪ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে মাদক মামলায় কারাগার থেকে জামিনে বেরিয়ে ফের মাদক কারবারে জড়ানোর অভিযোগে জিল্লুর রহমান পলাশ (৪৮) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত জিল্লুর রহমান পলাশ উপজেলার গুয়াখোলা গ্রামের মৃত ওলিয়ার রহমান ও শুকুরোন বেগমের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, তার বিরুদ্ধে অভয়নগর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় সাত দিন আগে কারাগার থেকে জামিনে বের হন তিনি। ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. ইমদাদুল শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে উপজেলার গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুই পিস ইয়াবা ট্যাবলেট ও এক পুরিয়া গাঁজাসহ জিল্লুর রহমান পলাশকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘মাদক পরিবহন ও সংরক্ষণের দায়ে এক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট বিধান অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।’

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)