মিরাজুল কবীর টিটো : দৈনিক স্পন্দন পত্রিকায় প্রকাশিত হাউজিং এস্টেটের অনুমতি না নিয়ে যশোর উপশহর ৭ নম্বর সেক্টরে কাঁচা ড্রেন খুঁড়ার নামে গাছ কাটার অভিযোগ সংক্রান্ত সংবাদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়েছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। হাউজিং এস্টেটের পক্ষ থেকে বৃহস্পতিবার এ অভিযোগ দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাউজিং এস্টেটের উপবিভাগীয় প্রকৌশলী আশিক আহমেদ সাকিব। সংবাদে উল্লেখ করা হয়, হাউজিং এস্টেট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি না নিয়ে উপশহর ৭ নম্বর সেক্টরের মাদ্রাসার উত্তর পাশে পাকা ড্রেনের কাছ থেকে এস ব্লকের মাদ্রাসার সামনের ড্রেন পর্যন্ত কাচা ড্রেন খুঁড়ার কাজ শুরু করা হয় মঙ্গলবার। ওই ওয়ার্ডের সাবেক মেম্বার আবু হানিফে নেতৃত্বে ড্রেন খুঁড়ার কাজে যাতে বাধার সৃষ্টি না হয় এজন্য সেক্টরের রাস্তার ধারের শিশু গাছ, কাঁঠাল গাছ, আমড়া গাছ, সজনে গাছসহ ৮ থেকে ১০টি গাছ কেটে সাবাড় করা হয়। অথচ ড্রেন খুঁড়া বা গাছ কাটতে হলে হাউজিং এস্টেটের অনুমতি নিতে হয়। এ ব্যাপারে হাউজিং এস্টেটের উপবিভাগীয় প্রকৌশলী আশিক আহমেদ সাকিব জানান, আমাদের অনুমতি না নিয়ে উপশহর ৭ নম্বর সেক্টরে ড্রেন খুঁড়ার নামে গাছ কাটা হয়েছে। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। পুলিশ তদন্ত করে জড়িত বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।