Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

এস. এম. সুলতানের জন্মোৎসবে ৬২০ শিশুর সম্মাননা, ১৪ আগস্ট ‘রঙে রেখায় সুলতান’

এখন সময়: শুক্রবার, ১৪ আগস্ট , ২০২৬, ০৩:৫৮:৪৪ পিএম

প্রেসবিজ্ঞপ্তি : যশোরে বরেণ্য চিত্রশিল্পী শিল্পী এস.এম. সুলতান-এর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউট, যশোর-এর উদ্যোগে আয়োজিত ‘রঙে রেখায় সুলতান’ শিশু-কিশোর চিত্রাঙ্কন উৎসবের সনদপত্র প্রদান, সৃজনশীলতা সম্মাননা ও নৃত্যানুষ্ঠান আগামী ১৪ আগস্ট ২০২৬ (শুক্রবার) বিকেল ৫টা ৩০মিনিটে জেলা শিল্পকলা একাডেমি, যশোরে অনুষ্ঠিত হবে। গত ৭ আগস্ট যশোর জিমনেশিয়ামে অনুষ্ঠিত চিত্রাঙ্কন উৎসবে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬২০ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে। শিশুদের অংশগ্রহণে এটি যশোরের সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ চিত্রাঙ্কন উৎসব হিসেবে ব্যাপক সাড়া জাগিয়েছে। অনুষ্ঠানে ক, খ, গ ও ঘএই চারটি বিভাগে প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হবে। পাশাপাশি শিল্পী এস.এম. সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নির্বাচিত ১০৩ জন অংশগ্রহণকারীকে ‘বিশেষ স্বীকৃতি সম্মাননা’ প্রদান করা হবে। এছাড়া উৎসবে অংশগ্রহণকারী প্রত্যেক শিশুকে অংশগ্রহণ সনদপত্র প্রদান করা হবে। এছাড়াও সর্বাধিক সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ নিশ্চিতকারী একটি শিক্ষা প্রতিষ্ঠানকে ‘সর্বাধিক অংশগ্রহণ সম্মাননা’ এবং উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিতকারী একটি শিক্ষা প্রতিষ্ঠানকে ‘উল্লেখযোগ্য অংশগ্রহণ সম্মাননা’ প্রদান করা হবে। অনুষ্ঠানের সূচনা হবে চারুপীঠের নৃত্য বিভাগের শিশু শিল্পীদের পরিবেশনায় বিশেষ নৃত্যালেখ্য ‘রঙে রেখায় সুলতান’ দিয়ে। এ পরিবেশনায় অংশ নেবে ৩০ জন শিশু শিল্পী এবং শিশুদের ১২ জন মা। তাদের কেউ ব্যাংক কর্মকর্তা, কেউ গৃহিণীÑতারা কেউই পেশাদার নৃত্যশিল্পী নন। শিশু ও মায়েদের এই সম্মিলিত পরিবেশনা শিল্পী এস.এম. সুলতানের শিল্পভাবনা, বাংলার মাটি, মানুষ ও সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে এবং অনুষ্ঠানে এক অনন্য মাত্রা যোগ করবে। অনুষ্ঠানে অতিথি থাকবেন দেলোয়ার হোসেন খান খোকন, প্রশাসক, জেলা পরিষদ, যশোর ; শিল্পী বিমানেশ বিশ্বাস, প্রাক্তন প্রধান, ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়; মাহমুদ হাসান বুলু, সহ-সম্পাদক, যশোর ইনস্টিটিউট ও প্রাক্তন সাধারণ সম্পাদক, জেলা শিল্পকলা একাডেমি, যশোর; এবং শিল্পী তন্দ্রা মুখার্জী, শিল্পী, এস.এম. সুলতান সংগ্রহশালা, নড়াইল। অনুষ্ঠানে বক্তব্য রাখবেন শিল্পী মাহবুব জামাল শামিম, ভাস্কর ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউট, যশোর; আবুল বাসার শরফুদ্দৌলা, জীবন সদস্য, চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউট, যশোর; শিল্পী মফিজুর রহমান রুন্নু, প্রাক্তন অধ্যক্ষ, চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউট, যশোর; শাহীন ইকবাল, প্রাক্তন অধ্যক্ষ, উপশহর ডিগ্রি কলেজ, যশোর; শিল্পী সান্ত্বনা শাহরিণ, সহকারী অধ্যাপক, প্রিন্টমেকিং ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়; এবং মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক, চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউট, যশোর। চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্পী এস.এম. সুলতান বিশ্বাস করতেন শিল্প কেবল প্রদর্শনীর দেয়ালে সীমাবদ্ধ নয়; এটি মানুষের জীবন, প্রকৃতি, শ্রম, স্বপ্ন ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তার শিল্পকর্মে বাংলার কৃষক, শ্রমজীবী মানুষ, গ্রামীণ জীবন ও প্রকৃতির যে শক্তিশালী রূপ ফুটে উঠেছে, তা আজও আমাদের শিল্পচর্চার অন্যতম প্রেরণা। এই চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং শিশু-কিশোরদের মধ্যে শিল্পচর্চা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটানোর লক্ষ্যেই চারুপীঠ এই আয়োজন করেছে। চারুপীঠ মনে করে, প্রতিটি শিশুর মধ্যেই সৃজনশীলতার অসীম সম্ভাবনা রয়েছে। একটি রং-তুলি, একটি সাদা কাগজ এবং উৎসাহের একটি পরিবেশ একটি শিশুর কল্পনাশক্তি, আত্মবিশ্বাস ও নান্দনিক বোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এই আয়োজন কেবল একটি প্রতিযোগিতা নয়; এটি শিশুদের শিল্পচর্চায় উৎসাহিত করা, তাদের সৃজনশীলতাকে স্বীকৃতি দেওয়া এবং শিল্পমনস্ক সমাজ গড়ে তোলার একটি সাংস্কৃতিক উদ্যোগ। চারুপীঠ বিশ্বাস করে, আজকের এই শিশুদের মধ্য থেকেই আগামী দিনের শিল্পী, সংস্কৃতিকর্মী ও সৃজনশীল নাগরিক গড়ে উঠবে। সেই বিশ্বাস থেকেই এস.এম. সুলতানের শিল্পভাবনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং শিল্পচর্চার একটি ইতিবাচক সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে এই আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। অনুষ্ঠানে সকল সংস্কৃতিপ্রেমী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউট আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)