Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, আতঙ্কে রোগী-স্বজন

এখন সময়: শনিবার, ১৫ আগস্ট , ২০২৬, ০৭:৫৩:৩৯ পিএম

বিল্লাল হোসেন : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে হঠাৎ আগুন লাগায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার দুপুর দেড়টার দিকে হাসপাতালের চতুর্থ তলায় ১৭ নম্বর বেডের পাশে এ ঘটনা ঘটে। পরে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে দ্রুত আগুন নেভানো হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হাসপাতাল সূত্রে জানা যায়, শিশু ওয়ার্ডের ১৭ নম্বর বেডে শহরের খালধর রোড এলাকার লিমন হোসেনের পাঁচ বছর বয়সী ছেলে আয়ান চিকিৎসাধীন ছিল। এ সময় বৈদ্যুতিক সুইচের কাছে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সময় ওয়ার্ডে থাকা রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হাসপাতাল কর্মীদের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রোগী আয়ানের নানি শাহিনা খাতুন বলেন, ‘হঠাৎ আগুন দেখে আমরা ভয় পেয়ে যাই। আশপাশের রোগী ও স্বজনদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা ভয়ে ছোটাছুটি করতে থাকে। অভিযোগ উঠেছে, হাসপাতালে বৈদ্যুতিক ত্রুটি ও শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও এসব ঝুঁকি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। রোগী ও স্বজনদের দাবি, বড় ধরনের দুর্ঘটনা এড়াতে হাসপাতালের বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি। হাসপাতালের মাস্টার ওবায়দুল ইসলাম কাজল বলেন, ভেজা কাপড়ের পানি বৈদ্যুতিক সুইচের ভেতরে ঢুকে যাওয়ায় আগুনের সূত্রপাত হয়। পরে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভানো হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন শাফায়াত বলেন, ‘ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)