বাগেরহাট প্রতিনিধি : সাংবাদিকদের সমৃদ্ধ হতে হবে চিন্তায়, মেধায়, মগজে, মননে ও দেশপ্রেমে। বিত্ত বৈভবে সমৃদ্ধ হওয়ার পেশা সাংবাদিকতা নয়। সোমবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবর্ধনার জবাবে একথা বলেন বাগেরহাটের কৃতি সন্তান সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আবু সাইদ শুনু। বক্তৃতা করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক হেদায়েত হোসেন লিটন প্রমুখ। প্রেসক্লাবে আসার আগে মন্ত্রী শেখ রবিউল আলম বাগেরহাট রামপাল ও মোংলা আঞ্চলিক মহা সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ও তার শিক্ষা প্রতিষ্ঠান বাগেরহাট প্রফুল্ল চন্দ্র মহা বিদ্যালয়ের একটি সভায় যোগদেন।