নিউজ ডেস্ক : কলকাতার নিউ মার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ নয়জনের মৃত্যুর ঘটনায় হোটেল মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার কলকাতার বেহালা এলাকায় নিজের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে আনন্দবাজার লিখেছে। পুলিশ সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি লিখেছে, অগ্নিকাণ্ডের পর কলকাতা থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি। আত্মগোপনে ছিলেন ঝাড়খণ্ডের ধানবাদে। সেখান থেকে শনিবার বেহালার ডায়মন্ড হারবার রোডের বাড়িতে ফেরেন। এরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার গভীর রাতে কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেলটিতে আগুন লাগে। এতে সাত বাংলাদেশিসহ নয়জনের প্রাণ যায়। এরপর শুক্রবার অভিযান চালিয়ে নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করে দেয় সেখানকার কর্তৃপক্ষ। শনিবার আরও ছয়টি হোটেল বন্ধ করা হয়।