শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : পূর্ব সুন্দরবনের শরলখোলা রেঞ্জের জেলে পল্লী দুবলা থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরারত অবস্থায় এফবি মায়ের দোয়া নামের একটি ফিশিং ট্রলার ১২ জেলেসহ ইঞ্জিন বিকাল হয়ে সাগরে ভাসতে থাকে। গত ২৩ আগস্ট রাত সাড়ে আটটার দিকে ফিশিং ট্রলারটি বিকল হয় বলে জানা গেছে। পরবর্তীতে ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের এর মধ্যে আসলে ২৪ আগস্ট ফিশিং ট্রলার থেকে এক জেলে ট্রলার মালিককে বিষয়টি অবহিত করে। ট্রলার মালিক বিষয়টি কোস্ট গার্ডের জরুরী সেবা নাম্বার ১৬১১১ এ ফোন করে সহায়তা চান। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন দুবলার একটি উদ্ধারকারী দল গভীর সমুদ্রে অভিযান চালায়। কয়েক ঘন্টা সমুদ্রে অভিযান চালিয়ে কোস্ট গার্ডের সদস্যরা বিকল হাওয়া ফিশিং ট্রলারসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করে। ২৫ আগস্ট মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড মংলা পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো বলেন, উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হয়েছে। ফিশিং ট্রলার সহ জেলেদের মালিকপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।