Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

‘ইলিশ বাড়ি’ অ্যাপসের হোতা ১১ মামলার আসামিসহ আটক ৫

এখন সময়: রবিবার, ৩০ আগস্ট , ২০২৬, ০৯:১৫:১২ এম

ফরহাদ খান, নড়াইল: ‘ইলিশ বাড়ি’ অ্যাপসের হোতা ১১ মামলার আসামিসহ পাঁচজনকে আটক করেছে নড়াইলের কালিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত বুধবার (২৬ আগস্ট) বিকেলে নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের ফুলদাহ গ্রামে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন-ফুলদাহ গ্রামের ফারুক শেখের ছেলে অনলাইন প্রতারণার হোতা ও ১১ মামলার আসামি আকিদুল শেখসহ একই গ্রামের ওলিয়ার শেখের ছেলে আসমাউল শেখ, কাকা মিয়া শেখের ছেলে ইমরান শেখ, মোহর মিনার ছেলে তৈয়বুর রহমান এবং তুহিন শেখের ছেলে নিরব শেখ। তরতাজা ইলিশ বিক্রির নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ ‘ইলিশ বাড়ি’ অ্যাপসের মাধ্যমে অনলাইনে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল সংঘবদ্ধ চক্রটি। আটক ব্যক্তিদের কাছ থেকে ছয়টি স্মার্ট মোবাইল ফোন, তিনটি বাটন মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, ‘ইলিশ বাড়ি’ অ্যাপসের মাধ্যমসহ ফেসবুকে প্রতারণা করে আটককৃত পাঁচ যুবক তরতাজা ইলিশ মাছ বিক্রির প্রলোভন দেখিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিত। কিন্তু, তাদের কাছে ইলিশ মাছ সরবরাহ করা হতো না। প্রতারণার মাধ্যমে ইলিশ বিক্রির টাকায় এলাকায় মাদক বেচাকেনা, মাদক সেবনসহ জুয়া খেলা ছাড়া বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকান্ড করছে চক্রটি। তাদের বিরুদ্ধে কালিয়া থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। এছাড়া আকিদুল শেখের নামে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অপরাধে ১১টি মামলা রয়েছে। কালিয়া থানার ওসি ইদ্রিস আলী বলেন, অনলাইনে পণ্য কেনাবেচার ক্ষেত্রে সবসময় যাচাই-বাছাই করতে হবে। অগ্রিম টাকা দেওয়া থেকে বিরত থাকতে হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)