নিজস্ব প্রতিবেদক: কেশবপুরের সন্যাসগাছা গ্রামের জসিম বিশ্বাসকে কুপিয়ে হত্যা চেষ্টার মামলায় পিতা-পুত্রের সাড়ে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। সোমবার অতিরিক্তি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলো, একই গ্রামের কাদের বিশ্বাসের দুই ছেলে ইউসুফ বিশ্বাস ও আব্দুল কাদের বিশ্বাস। মামলার অভিযোগে জানা গেছে, আয়ুব আলী বিশ্বাসের সাথে আসামি আব্দুল কাদের বিশ্বাসের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আসামিরা তাদের গোয়ালঘরের মলমূত্র ও নোংরা পানি আয়ুব বিশ্বাসের বিল্ডিংয়ের দেয়ালে ফেললে তাতে বাধা দেয়। এর জেরে ২০২২ সালের ২৮ আগস্ট সকালে আসামিরা আয়ুব বিশ্বাসে বাড়িতে হামলা করে। এ সময় হামলাকারীরা আয়ুব বিশ্বাসের ছেলে জসিম বিশ্বাসকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। গুরুতর আহত জসিম বিশ্বাসকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আদালতে করা মামলাটি কেশবপুর থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু হয়। পরবর্তীতে অভিযোগে সত্যতা পাওয়ায় ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুর রহমান। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি ইউসুফ বিশ্বাসের বিরুদ্ধে ৩২৫ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৪ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও আব্দুল কাদের বিশ্বাসের বিরুদ্ধে ৩২৩ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় দেড় বছর সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা জমিরানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। সাজাপ্রাপ্ত দুইজন পলাতক রয়েছে।