আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় শ্রীউলার মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন শ্রীউলা ইউনিয়ন জামায়াতের আমির ও চেয়ারম্যান প্রার্থী মাওলানা লুৎফার রহমান। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আশরাফুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আব্দুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী আবু ইউসুফ, সাবেক সভাপতি নজরুল ইসলাম ও ৮ নম্বর ওয়ার্ড সভাপতি ইসমাইল হোসেনসহ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।