নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি ও সামাজিক জীবনে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও লেখক মুফতি আলী হাসান উসামা। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সা.) কেবল মুসলমানদের জন্য নন, তিনি সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে তাঁর আদর্শ বাস্তবায়নের মধ্যেই মানবজাতির প্রকৃত শান্তি ও কল্যাণ নিহিত।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে যশোরের মুন্সী মেহেরুল্লাহ (টাউন হল) ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখা আয়োজিত ‘সীরাতুন্নবী (সা.) মাহফিল-২০২৬’-এ প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি আলী হাসান উসামা বলেন, "মহানবী (সা.) অন্ধকারাচ্ছন্ন আরব সমাজকে ঈমান, তাকওয়া ও ন্যায়বিচারের আলোয় আলোকিত করেছিলেন। বর্তমান সংকটময় সময়ে সীরাতুন্নবী (সা.) অধ্যয়ন এবং তাঁর আদর্শ জীবনে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি।" তিনি পরিবারে উত্তম আচরণ, প্রতিবেশীর অধিকার, দরিদ্রদের প্রতি দায়িত্ব পালন, ব্যবসায় সততা ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। দেশের চলমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, কৃষক সময়মতো সার ও বিদ্যুৎ পাচ্ছেন কি না—তা মানুষের জীবন ও কৃষি অর্থনীতির সঙ্গে সরাসরি যুক্ত। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও সার-বিদ্যুৎ সংকট নিয়ে মানুষের উদ্বেগ বাড়ছে। সুশাসন প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনগণের ন্যায্য অধিকার আদায়ে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন ও শান্তিপূর্ণ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। মাহফিলের সভাপতির বক্তব্যে যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল এমপি বলেন, নৈতিক অবক্ষয়, অপরাধ ও সামাজিক সংকট থেকে উত্তরণে তরুণ প্রজন্মকে মহানবী (সা.)-এর চরিত্রের সঙ্গে পরিচিত করাতে হবে। বক্তব্যে তিনি আগামী ১০ অক্টোবর কেন্দ্র ঘোষিত ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া অভিমুখী লংমার্চ কর্মসূচি সফল করার আহ্বান জানান। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলায় না গিয়ে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে জনগণের দাবি তুলে ধরতে হবে। মাহফিলে আরও বক্তব্য রাখেন যশোর-৬ আসনের সংসদ সদস্য মাওলানা মোক্তার আলী, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিক, সহকারী সেক্রেটারি বেলাল হোসেন, অধ্যাপক গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, ভিপি আব্দুল কাদের, আবুল হাশেম রেজা ও অফিস সেক্রেটারি নূর আল মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক শামসুজ্জামান।