রাজয় রাব্বি, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী ডোঙ্গা নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধূলগ্রামের চাঁদের বিলে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। পল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে চাঁদের বিলের পাড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় মিলনমেলায়। প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে মোট ১৭টি ডোঙ্গা নৌকা অংশ নেয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. এটিএম মঞ্জুর মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন আমতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাহিদ হোসেন। প্রতিযোগিতায় অংশ নিতে একে একে ডোঙ্গা নৌকা নিয়ে চাঁদের বিলে সুকুমার সরকারের ঘেরে হাজির হন মাঝিরা। বাঁশি ও দর্শকদের করতালির সঙ্গে শুরু হয় নৌকাবাইচ। পানিতে বৈঠার ছন্দ আর মাঝিদের প্রাণপণ ছুটে চলায় পুরো বিলজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে প্রতিযোগিতায় অংশ নেন মাঝিরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ডোঙ্গা নৌকাবাইচে প্রথম স্থান অধিকার করেন ঈমান আকুঞ্জি এবং দ্বিতীয় স্থান অর্জন করেন দীপঙ্কর সরকার। সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম বলেন, “ডোঙ্গা নৌকাবাইচ শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি গ্রামীণ জনপদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে আনন্দের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”