Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা

এখন সময়: শনিবার, ১৯ সেপ্টেম্বর , ২০২৬, ১১:১৯:৪০ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর ভুল চিকিৎসায় রত্না বেগম (৩৬) নামে এক প্রসূতির মৃত্যুর হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা সরকারি হাসপাতাল সড়কের ফাতেমা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালত হাসপাতালটির অপারেশন থিয়েটার (ওটি) সাময়িকভাবে সিলগালা করে। নিহত রত্না বেগম যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ইয়াকুব মোল্যার মেয়ে এবং বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের আন্দুলবাড়িয়া গ্রামের নাজমুল হোসেনের স্ত্রী। স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রসবব্যথা ওঠায় শুক্রবার রাতে রত্না বেগমকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক মঞ্জুর মোর্শেদের তত্ত্বাবধানে তার সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। শনিবার ভোরে পেট ফুলে খিচুনি ওঠার পর তার মৃত্যু হয়। নিহতের বড় বোন রুনা বেগম বলেন, অপারেশনের পর নবজাতক সুস্থ থাকলেও রত্না অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে শনিবার ভোরে তার পেট ফুলে খিচুনি ওঠে এবং তিনি মারা যান। ভুল চিকিৎসা ও অবহেলার কারণে তার বোনের মৃত্যু হয়েছে দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। তবে চিকিৎসক মঞ্জুর মোর্শেদ অভিযোগ অস্বীকার করে বলেন, রত্না বেগমের অপারেশন ভালোভাবে সম্পন্ন হওয়ার পর তিনি বাড়ি চলে যান। এরপর কী হয়েছিল, তা তাকে জানানো হয়নি। খবর পেয়ে সকালে হাসপাতালে এসে রোগীর মৃত্যু দেখতে পান। তার ধারণা, অতিরিক্ত রক্তচাপের কারণে স্ট্রোক হয়ে রত্না বেগমের মৃত্যু হয়ে থাকতে পারে। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পাওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে হাসপাতালটি পরিদর্শন করা হয়। এ সময় সেটআপে ত্রুটি ও বিভিন্ন অনিয়ম পাওয়ায় অপারেশন থিয়েটারের (ওটি) কার্যক্রম সাময়িকভাবে সিলগালা করা হয়েছে। ধাপে ধাপে অন্যান্য বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারেও অভিযান চালানো হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)