মিরাজুল কবীর টিটো : খাতা দেখায় ভুলের কারণে শাস্তির আওতায় আনা হচ্ছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ১ হাজার ৬৮৪ জন প্রধান পরীক্ষক ও পরীক্ষককে। আগামী দুই বছরের জন্য তাঁদের এসএসসি পরীক্ষার খাতা দেখার কাজ থেকে বিরত রাখা হবে। পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ভুল ফলাফল প্রকাশের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরীক্ষকদের এমন গাফিলতি বা ভুল কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। শৃঙ্খলা কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হবে। বোর্ড সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট চলতি বছরের এসএসসি পরীক্ষার মূল ফলাফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পরদিন থেকে টানা সাত দিন পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ দেওয়া হয়। এ সময়ের মধ্যে ৮৮ হাজার ৯৭ জন পাস করা শিক্ষার্থীর মধ্যে ২৮ হাজার ৮৬২ জন পরীক্ষার্থী মোট ৭৪ হাজার ৭১৭টি পত্র পুনর্নিরীক্ষার আবেদন করে। পুনর্নিরীক্ষার ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, ১ হাজার ৬৮৪ জন পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে মূল ফলাফলে অকৃতকার্য (ফেল) হওয়া ৩৮০ জন শিক্ষার্থী নতুন করে পাস করেছে এবং ১ হাজার ৩০৪ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৫২ জন শিক্ষার্থী। পুনর্নিরীক্ষায় বিপুলসংখ্যক পরীক্ষার্থীর ফলে পরিবর্তনের পরই খাতা মূল্যায়নে গাফিলতি ও ভুল করা ১ হাজার ৬৮৪ জন শিক্ষককে শনাক্ত ও তালিকাভুক্ত করা হয়। বোর্ডের এ সিদ্ধান্তের ফলে আগামী দুই বছর তাঁরা পাবলিক পরীক্ষার কোনো খাতা মূল্যায়নের সুযোগ পাবেন না।