নিজস্ব প্রতিবেদক : যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক মকসেদ আলী মুনলাইট তার ব্যবসা প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপন করেছেন। শনিবার দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই সোলার প্যানেল উদ্বোধন করেছেন। মকসেদ আলী মুনলাইট জানান, শহরের খুলনা বাসস্ট্যান্ড এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান মুনলাইট মটরসে দ্বিতীয় তলায় ১৫ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করেন। এতে তার ব্যয় হয়েছে প্রায় ১২ লাখ টাকা। সোলার প্যানেল স্থাপনকারী প্রতিষ্ঠান নিউ ইমাম ইলেকট্রনিক্সের মালিক মো: আজগর ইমাম জানান, এই সোলার প্যানেল থেকে মাসে ২১-২৪শ’ ইউনিট বিদ্যুৎ উৎপাদন হবে। যা থেকে ব্যবহার করেও মুনলাইট মটরস ১২-১৩শ’ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দিতে পারবেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, স্বচ্ছল ব্যবসায়ীদের সোলার বিদ্যুৎ প্যানেল স্থাপনে এগিয়ে আসতে হবে। এতে করে দেশে এক পর্যায়ে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হতে পরব আমরা। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাুব, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বারের যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাজমুস সাকিব, সাইদ হাসান হিরা প্রমুখ।