সুব্রত সরকার,মহম্মদপুর (মাগুরা) : মাঠজুড়ে তারুণ্যের উচ্ছ্বাস, মুহূর্তে মুহূর্তে আক্রমণ-পাল্টা আক্রমণ আর দর্শকদের করতালিতে মুখর উপজেলা মাঠ। মাদকের অন্ধকার ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার প্রত্যয়ে মাগুরার মহম্মদপুরে শুরু হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ (উপজেলা পর্যায়)। মহম্মদপুর থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে ‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মহম্মদপুর উপজেলা ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। আয়োজকরা জানান, শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়—তরুণ প্রজন্মকে মাদক, কিশোর অপরাধ ও নানা নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, অতিরিক্ত দায়িত্ব ক্রাইম অ্যান্ড অপস্) থান্দার খায়রুল হাসান, পিপিএম-সেবা, মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী, কমিউনিটি পুলিশিং ফোরাম, মহম্মদপুর থানার আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, সদস্য সচিব আকতারুজ্জামান এবং গোলাম রব্বানী হিরো। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন রিয়াজুর রহমান রিয়াজ, প্রধান শিক্ষক, বসুর ধুলজুড়ি মাধ্যমিক বিদ্যালয় এবং আরিফুজ্জামান মিলটন, আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ এম. শামীম আহমেদ। চ্যাম্পিয়নশিপে মহম্মদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বালক ও বালিকা দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে মাঠে নামে রাজাপুর ইউনিয়নের বালক ও বালিকা দল এবং নোহাটা ইউনিয়নের বালক ও বালিকা দল। খেলা শুরুর পর থেকেই মাঠে দেখা যায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা। একদিকে প্রতিপক্ষের কোর্টে দ্রুত ছুটে যাওয়া রেইডার, অন্যদিকে তাকে আটকে রাখতে মরিয়া ডিফেন্ডার—প্রতিটি মুহূর্তেই তৈরি হয় উত্তেজনা। খেলোয়াড়দের দক্ষতা ও দুর্দান্ত কৌশলে মুগ্ধ হন মাঠে উপস্থিত দর্শকরা।