নিজস্ব প্রতিবেদক : যশোরের কেশবপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে জি এম গোলাম হুসাইন নামে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ছাত্রীর পিতা বাদী হয়ে এ মামলা করেছেন। আসামি গোলাম হুসাইন উপজেলার সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বরণডালি গ্রামের শেখের আনসার আলীর ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী বর্তমানে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। সে আগে অভিযুক্ত শিক্ষকের বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত। ওই সময় থেকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে তাকে যৌন হয়রানি করতেন প্রধান শিক্ষক। গত ৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে বৃত্তি পরীক্ষার সাজেশন দেওয়ার কথা বলে ওই ছাত্রীকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অফিসকক্ষে ডেকে নেন। অফিসে কেউ না থাকার সুযোগে প্রধান শিক্ষক তার ছাত্রীকে ধর্ষণ করেন। ঘটনার বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন প্রধান শিক্ষক। পরবর্তীতে ছাত্রী বিষয়টি কান্নাকাটি করে তার মাকে জানায়। পরে পরিবারের সদস্যরা বিস্তারিত জানতে পারেন। এ ব্যাপারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দিলেও আইনগত কোনো ব্যবস্থা না নেয়ায় তিনি এ মামলা করেছেন।