ম.ম.রবি ডাকুয়া,মোংলা : সুন্দরবনের নদীতে কয়লাবাহী লাইটার জাহাজের ধাক্কায় নিখোঁজ হওয়ার এক দিন পর মোস্তফা মাঝি নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া ও ভদ্রা নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে। শনিবার দুপুরে তল্লাশি চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এ ঘটনায় সুন্দরবনের নৌপথে ছোট নৌযানের নিরাপত্তা এবং বড় বাণিজ্যিক জাহাজের চলাচল নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। নিহত মোস্তফা পিরোজপুরের কাউখালী উপজেলার শয়না গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার সময় তাঁর সঙ্গে থাকা শুকুর আমিন ও সানাউল্লাহ সানি সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পান। জেলেদের ভাষ্য, শুক্রবার দুপুরে চাওলা বগীর মুখ এলাকায় একটি কয়লাবাহী লাইটার জাহাজের ধাক্কায় তাঁদের নৌকাটি ক্ষতিগ্রস্ত হয়। এতে মোস্তফা নদীতে ছিটকে পড়ে নিখোঁজ হন। ঘটনার পর নৌ-পুলিশ ও স্থানীয় লোকজন তাঁর সন্ধানে তল্লাশি শুরু করেন। পরদিন দুপুরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় বেঁচে যাওয়া জেলেদের অভিযোগ, লাইটার জাহাজটি দ্রুতগতিতে চলছিল। তাঁদের দাবি, সংঘর্ষের পর জাহাজটি না থেমে ঘটনাস্থল ত্যাগ করে। তবে জাহাজটির পরিচয় ও দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে পুলিশ। চাঁদপাই নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জামান বলেন, মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার জন্য দায়ী নৌযান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।