স্পন্দন ডেস্ক : আগামী চার বছরে এসএমই খাত ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনার কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য এ খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান তৈরি করা। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে সরকারপ্রধান এসব কথা বলেন। তিনি বলেন, “এসএম ফাউন্ডেশনের মাধ্যমে আগামী পাঁচ বছরের মধ্যে কমপক্ষে ৫০ হাজার উদ্যোক্তাদের ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং এবং ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। “পাশাপাশি ‘মেইড ইন বাংলাদেশ’ এবং ‘ক্রিয়েটেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের মাধ্যমে স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণ জিআই ট্রেডমার্ক এবং ডিজাইন নিবন্ধন ও সহায়তা এবং দেশি-বিদেশি ক্রেতাদের সঙ্গে সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।” নারী কিংবা পুরুষ যারা উদ্যোক্তা হতে আগ্রহী, তাদের জন্য এসএমই ফাউন্ডেশন ‘এসএমই সৃষ্টি’ নামে একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে বলে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ কর্মসূচির আওতায় আগামী চার বছরে দেশের ৬৪টি জেলায় প্রতি বছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। “এর ফলে আমরা আশা করছি, আগামী চার বছরে ইনশাল্লাহ ২৫ হাজারেরও বেশি নতুন উদ্যোক্তা সৃষ্টি করা সম্ভব হবে দেশে।” প্রধানমন্ত্রী বলেন, “সরকার চায় দেশে এসএম বিকাশের মাধ্যমে প্রতিটি কর্মক্ষেত্র এবং কর্ম সক্ষম মানুষ ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন উৎপাদনশীল কাজে সক্রিয় হোক।” জিডিপিতে এসএমই খাতের অবদান ৩৫ শতাংশের উন্নীত করার সরকারের লক্ষ্যে কথা তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, দেশ-বিদেশের পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা, প্রযুক্তিগত অগ্রগতি, বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং ২০২৯ সালে এলডিসি থেকে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ বিবেচনায় সরকার ইতোমধ্যে জাতীয় এসএম নীতিমালা-২০২৬ এর খসড়া প্রণয়ন করেছে। শিগগিরই এ নীতিমালা মন্ত্রিসভায় অনুমোদন করা হবে। বাংলাদেশকে পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের কেন্দ্র এবং রপ্তানি এই নীতিমালার রূপকল্প হবে অর্থাৎ মূল বিষয়টি হবে বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাব এবং রপ্তানির প্রবেশদ্বার হিসেবে প্রতিষ্টার পরিকল্পনার কথা তুলে ধরেন সররকারপ্রধান। তিনি বলেন, “এ নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে ২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা রয়েছে আমাদের। “এ খাতের মাধ্যমে আমাদের লক্ষ্য রয়েছে, ২৫ লক্ষ নতুন কর্মসংস্থান যাতে সৃষ্টি করা সম্ভব হয়।” এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি প্রধানমন্ত্রী বলেন, “সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ লক্ষ্য অর্জনে বড় শিল্প প্রতিষ্ঠানের পাশাপাশি মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারী শিল্প প্রতিষ্ঠানগুলোকে জাতীয় উৎপাদন ব্যবস্থা, শিল্প সর্বশৃঙ্খল এবং দেশি-বিদেশি মূল্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত করার নীতিও গ্রহণ করার পরিকল্পনা রয়েছে আমাদের।” দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় বাজারে সীমাবদ্ধ রাখা ঠিক হবে না, এ কথা তুলে ধরেন তারেক রহমান। তিনি মনে করেন, এ খাতকে বড় শিল্প প্রতিষ্ঠানের সহযোগী উৎপাদক, যন্ত্র সরবারহকারী, উপকরণ প্রস্তুতকারক ও রপ্তানিমুখী উৎপাদন ব্যবস্থার অংশ হিসেবেও গড়ে তোলা প্রয়োজন এবং এটি সময়ের দাবি। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সপ্তাহব্যাপী এ এসএমই পণ্য মেলার আয়োজন করেছে। মেলায় সারা দেশের ৩৮৮টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান (এসএমই) অংশগ্রহণ করছে। দ্বোধন অনুষ্ঠানে আট শ্রেণিতে আট উদ্যোক্তাকে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬’ দেওয়া হয়। প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ তুলে দেন। তাদের মধ্যে আছেন- বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (নারী) ফারজানা ইসলাম মৌরী, বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (নারী) হানিয়াম মারিয়া চৌধুরী, বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (পুরুষ) সৈয়দ আমিনুল কবির, বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ) এসএম ফারুক হাসান। এছাড়া বর্ষসেরা স্টার্টআপ প্রতিষ্ঠান আইপেজ গ্লোবালের মাসরুর হোসাইন শহীদ, বর্ষসেরা গ্রিন এসএমই বিজনেসের হামিদ হাসান আলভী এবং বর্ষসেরা প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা মো. মুসনাদ-ই আহমদ ও বিশেষ উদ্যোক্তা তৃতীয় লিঙ্গের সিদ্দিক ভুঁইয়া রিজভী সিনথিয়া পুরস্কার পেয়েছেন। ‘এসএমই সরকারের অগ্রাধিকার খাত’ সরকারপ্রধান বলেন, “বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং স্বনির্ভর করতে হলে এসএম খাতের উৎপাদন এবং প্রসারের বিকল্প আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এ কারণে বর্তমান সরকারের কাছে এসএম একটি প্রধানতম অগ্রাধিকার খাত।” কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারী উদ্যোক্তা তৈরি, গ্রামীণ অর্থনীতির প্রয়াস এবং বৈদেশিক মুদ্রা অর্জনে এ খাতের অবদান অপরিসীম, বলেন তিনি। সরকারপ্রধানের মতে, এ খাতে মূলধন ও প্রযুক্তির অভাব, ঋণপ্রাপ্তি জটিলতা, দক্ষ জনবলের সংকট, বিপণন সমস্যা এসএমইর উৎপাদন এবং বিকাশের পথে অন্যতম প্রতিবন্ধকতা। তিনি বলেন, সহজ শর্তে ঋণ, আধুনিক প্রশিক্ষণ, নারী ও তরুণদের প্রণোদনা দিয়ে এবং সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে সরকার এ সমস্যাগুলা দূর করতে পারে। “সরকার এ সমস্যাগুলো দূর করার ক্ষেত্রেও বিভিন্ন পদক্ষেপের মধ্যে গ্রহণ শুরু করেছে।” ব্যবসা সহজ করার উদ্যোগ উদ্যোক্তাদের ব্যবসা শুরু এবং পরিচালনা সহজ করতে বর্তমান সরকার অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা, দীর্ঘসূত্রিত এবং ব্যয় কমানোর উদ্যোগ গ্রহণ করেছে বলে তুলে ধরেন তারেক রহমান। “আমাদের অনেকদিনের একটা প্র্যাকটিস হয়ে গিয়েছে যে যেকোনো জিনিসের একটু দীর্ঘসূত্রিতা আমরা রেখে দেই। “আমরা চেষ্টা করছি সরকার পক্ষ থেকে যে যতটুকু সম্ভব বাস্তবতা বিবেচনায় এটিকে সংক্ষিপ্ত করে, ছোট করে নিয়ে আসা, যাতে আপনাদের জন্য সহজ হয় সবকিছু।” এর পাশাপাশি এসএমই খাতের জন্য পিটিআর (বিশেষ অগ্রাধিকারমূলক কর ব্যবস্থা) প্রবর্তনের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে, বলেন তিনি। বিদেশে বাজার সৃষ্টি এসএমই খাতের জন্য দেশে বাজার তৈরির পাশাপাশি বিদেশে বাজার খুঁজে বের করার বিষয়ে জোর জোর দেন সরকারপ্রধান। এ ক্ষেত্রে বিদেশে আন্তর্জাতিক মেলা আয়োজনের কথা বলেন তিনি। অনুষ্ঠানে যাদের পুরস্কার দেওয়া হয়েছে তারা যেভাবে নিজেদের গড়ে তুলেছেন, তা সবার জন্য সর্বোৎকৃষ্ট উদাহরণ বলে তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, “শুধুমাত্র একটি চাকরি খুঁজে বছরের পর বছর সময় ব্যয় করা এখন বোধয় আর বুদ্ধিমানের কাজ নয়, বরং এসএমই এর মাধ্যমে নিজেদেরকে চাকরিরদাতা হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা গ্রহণ জরুরি।” আন্তর্জাতিক মেলা এসএমই পণ্য মেলায় অংশগ্রহণকারীদের নিয়ে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলাপের প্রসঙ্গ টেনে প্রধানেমন্ত্রী বলেন, “আমি তাদেরকে বলছিলাম যে আমরা হয় সিঙ্গাপুরে অথবা লন্ডনে অথবা প্যারিসে, আমরা গভমেন্ট থেকে চেষ্টা করি একটি ফেয়ারের আয়োজন করার জন্য, যেখানে এই সকল উদ্যোক্তারা পার্টিসিপেট করবেন।” তুরস্কে জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ এবং সেখানে বাংলাদেশের স্টলে পাটের বিভিন্ন শিল্পের প্রদর্শন বিদেশিদের আকৃষ্ট করার বিষয়টি তুলে ধরেন তিনি। তবে সেখানে ক্রয়াদেশ নেওয়ার ব্যবস্থা না থাকার প্রসঙ্গ ধরে তারেক রহমান বলেন, “এখানে আমরা বসেই ঠিক করলাম যে আমরা একটি, সরকার থেকে আমরা উদ্যোগ গ্রহণ করব, একটা ফেয়ারের আয়োজন করার জন্য। “আন্তর্জাতিক ব্যবসার স্থানগুলোতে এই ব্যবস্থাটা রাখে, যদি কেউ অর্ডার দেয়ৃসো দ্যাট সাথে সাথে যাতে অর্ডারটা গ্রহণ করা সম্ভব হয়, এই ব্যবস্থাটা যাতে ওখানে রাখা হয়।” নারী উদ্যোক্তাদের জন্য চিন্তাভাবনা দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী এবং তারা নিজেদের মেধা-শ্রম ও সৃজনশীলতার মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে তুলে ধরেন প্রধানমন্ত্রী। মেলায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তার অংশগ্রহণের কথা সামনে এনে তিনি বলেন, “অর্থায়ন, প্রযুক্তি, প্রশিক্ষণ, প্রযুক্তি, ব্যবসায়িক নেটওয়ার্ক ও ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সকল বাধা দূর করতে, সরকার বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের চিন্তাভাবনা করেছে এবং সেগুলো গ্রহণ করারও চেষ্টা করছে।” ‘সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি’ সরকারপ্রধানের মতে, তৈরি পোশাকশিল্পের মতো বিশ্ববাজারে আরও নিত্য নতুন পণ্যের বাজার তৈরির জন্য নিজেদেরকে প্রস্তুত করা প্রয়োজনীয়তা ও উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। “এটা, বোধহয় সময় চলে এসেছে।” চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি, সৃজনশীল শিল্প ও অন্যান্য সম্ভাবনাময় খাতেও উদ্যোক্তাদের সক্ষমতা এখন আরও বাড়ানোর সময় হয় এসেছে, বলেন তিনি। তারেক রহমান বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথমবারের মতো গার্মেন্টশিল্প প্রতিষ্ঠা এবং বিদেশে শ্রম রপ্তানির যে ধারা শুরু করেছিলেন, সেটি আজও বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম প্রধান খাত।” নতুন উদ্যোক্তাদের সামনে ইতালির উদাহরণ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টারের মাধ্যমে বিশেষিত পণ্যের উৎপাদন দেশটিকে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় উৎপাদনকারী এবং রপ্তানিকারক দেশে পরিণত করেছে। এর প্রায়, বলা যায় ৯০ ভাগেরও বেশি হল ক্ষুদ্র ও মাঝারি শিল্প।” ‘এক গ্রাম, এক পণ্য’ বাংলাদেশ এসএম ফাউন্ডেশন ইতোমধ্যেই দেশের ১৭৭টি সম্ভাবনায় ‘শিল্প ক্লাস্টার’ চিহ্নিত করার কথা বলেছেন তারেক রহমান। এসব ক্লাস্টারকে ‘এক গ্রাম এক পণ্য’ এবং সৃজনশীল অর্থনীতি হিসেবে বাস্তবায়নের মাধ্যমে এসএমই বিকাশের প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়ার কথা বলেছেন তিনি। এসএমই ফাউন্ডেশন স্থানীয় ঐতিহ্যবাহী এবং সৃজনশীল পণ্যের উন্নয়নে ‘ন্যাশনাল ক্রিয়েটিভ’ এবং ‘ডিজাইন সেন্টার’ প্রতিষ্ঠা এবং এর কার্যক্রম আঞ্চলিক পর্যায়ে সম্প্রসারণ করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। “এসএমই পণ্যের আধুনিক ডিজাইন, পণ্যের উন্নতমান বজায় রাখা এবং যথাযথ প্যাকেজিংয়ের মাধ্যমে বিশ্ববাজারে পরিচিতি এবং প্রবেশ করানোর যেকোনো বেসরকারি উদ্যোগকেও সরকার আন্তরিকভাবে সহায়তা দিতে প্রস্তুত। ” শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক, মেলার প্রধান পৃষ্ঠপোষক সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন শিল্পসচিব আব্দুন নাসের খান। পুরস্কার বিজয়ীদের পক্ষে বক্তব্য রাখেন ফারজানা ইসলাম মৌরী।