মনিরুল ইসলাম মনি, সাতক্ষীরা : ভারত থেকে অবৈধভাবে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক কিংবা গোলাবারুদ যাতে দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সেজন্য সাতক্ষীরা সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা ও কড়া নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা সীমান্তের ওপার থেকে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও নাশকতা সৃষ্টি করতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজিবি ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ভারতের সাথে সাতক্ষীরার প্রায় ২৩৮ কিলোমিটার দীর্ঘ স্থল ও জলসীমান্তের প্রতিটি পয়েন্টে ২৪ ঘণ্টা টহল বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে ভোমরা স্থলবন্দর সংলগ্ন সীমান্ত, কলারোয়ার সোনাবাড়িয়া, মাদরা, কাকডাঙ্গা, চান্দুড়িয়া ও হিজলদী; সীমান্ত নদী ইছামতি সংলগ্ন ও দেবহাটার টাউন শ্রীপুর, পদ্মশাখরা, আশাশুনির বাঁকড়া এবং শ্যামনগরের কৈখালী, সুন্দরবন সংলগ্ন রায়মঙ্গল নদী ও বসন্তপুর সীমান্ত এলাকায় নজরদারি কয়েকগুণ বাড়ানো হয়েছে। ঝুঁকিপূর্ণ ও অরক্ষিত পয়েন্টগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি, রাতে নাইট ভিশন ডিভাইস ও থার্মাল ইমেজার ব্যবহার এবং ইছামতী, কালিন্দী ও রায়মঙ্গল নদীপথে স্পিডবোটের মাধ্যমে সার্বক্ষণিক টহল পরিচালনা করছে বিজিবি। এছাড়া সীমান্ত সংলগ্ন সড়কগুলোতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি চালানো হচ্ছে। সাতক্ষীরা ৩৩ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা ও যেকোনো নাশকতা প্রতিহত করতে বিজিবি বদ্ধপরিকর। সীমান্ত পেরিয়ে এখনো পর্যন্ত কোনো গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র প্রবেশের এমন কোন তথ্য নেই, তবে সীমান্তে টহল জোরদার করা হয়েছে এবং বিজিবি কড়া সতর্ক অবস্থানে রয়েছে। নিষিদ্ধ সংগঠনের সদস্য বা চোরাচালানি চক্র যাতে অস্ত্রের চালান ঢোকাতে না পারে, সেজন্য স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের সচেতন করা হয়েছে এবং সন্দেহজনক গতিবিধি দেখলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানানোর অনুরোধ করা হয়েছে। বর্তমানে সাতক্ষীরার সার্বিক সীমান্ত পরিস্থিতি বিজিবির কঠোর নিয়ন্ত্রণে রয়েছে।