নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চার রাউন্ড পিস্তলের গুলি, এক বোতল উইনসেরেক্স কফ সিরাপ ও নগদ ২ লাখ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো, বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার জয়নাল তালুকদারের ছেলে শহিদুল তালুকদার ও সুজন তালুকদার এবং সহিদ খাঁর ছেলে ঝন্টু খাঁ। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, থানার ওসি কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার গভীর রাতে বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় বিশেষ অভিযান চালান। এ সময় একটি ঘর থেকে ওই তিনজনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে এক বোতল উইনসেরেক্স কফ সিরাপ, চার রাউন্ড পিস্তলের গুলি ও নগদ ২ লাখ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। দুপুরে আটক তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।