নিজস্ব প্রতিবেদক : যশোরে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর বাড়ির বিদ্যুতের সংযোগ তার চুরির ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটক বারান্দি পাড়া এলাকার সজীব ও হাইকোর্ট মোড়ের একটি ভাঙড়ি দোকানের মালিক তুহিন। শুক্রবার রাতে উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন। পরে সজীব ও তুহিনকে সঙ্গে নিয়ে দোকান খুলে সেখান থেকে চুরি করা তার থেকে বের করা বিপুল পরিমাণ তামা ও কিছু রড উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রাত ৪টা ২০ মিনিটের দিকে যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুর উপশহরের বাসার বিদ্যুতের সংযোগ তার চুরি হয়ে যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সজীব নামে একজনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সজীব বিদ্যুতের তার চুরিসহ চুরি করা মালামাল বিক্রির বিষয়ে তথ্য দেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হাইকোর্ট মোড় এলাকার সেতু ট্রেডার্স নামের ভাঙড়ি দোকানের মালিক তুহিনকে পুলিশ হেফাজতে নেয়। শনিবার সকালে সজীব ও তুহিনকে সঙ্গে নিয়ে পুলিশ ওই দোকানে চুরি করা তার উদ্ধার করে। পুলিশ জানায়, চোরেরা বিদ্যুতের তার সরাসরি ভাঙারি দোকানে বিক্রি না করে তারের ভেতরের তামা আলাদা করে বিক্রি করত। এছাড়া কিছু রডও উদ্ধার করা হয়েছে। আটক দুইজনের বিরুদ্ধে মামলা দিয়ে প্রতিবেদনসহ একদিনের বিচারিক আদালতে সোপর্দ করেছে পুলিশ।