আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুলবর্ষ পালন উপলক্ষে মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তিন দিনব্যাপী কাজী নজরুল ইসলাম বিষয়ক সমাপনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমসহ পৃথক তিনটি স্থানে বিচারকদের উপস্থিতিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা আবৃত্তি, অভিনয়, সংগীত, নৃত্য, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়। প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট সাহিত্যিক আনোয়ার রশীদ সাগর, বিশিষ্ট গল্পকার পিন্টু রহমান, প্রভাষক খাইরুল ইসলাম, কলা কেন্দ্রের সভাপতি ইকবাল হোসেন, সরকারি কলেজে রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক রেবা রানী সাহা, কবি আসিফ জাহান, ইউনুস আলী, মিজানুর রহমান ও সহকারী শিক্ষক মাসুদ রানা। প্রতিযোগিতার সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার বখতিয়ার উদ্দিন। সহযোগিতায় ছিলেন আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারিস উদ্দিন ও সহকারী শিক্ষক আনারুল ইসলাম। আয়োজকরা জানান, প্রতিটি বিষয়ে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মের প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তারা। প্রতিযোগিতায় শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।