ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ফুলতলার গাড়াখোলা গ্রামে ভুয়া কাবিননামার মাধ্যমে তানজিলা বেগম (৩৫) নামে এক বিধবা নারীকে বিয়ে করে এক বছর ধরে শারীরিক সম্পর্কের অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী স্ত্রীর মর্যাদা পেতে গাড়াখোলার মহলদারপাড়া জামে মসজিদের ইমাম হাজ্জাজ পাড় (৪০) এর বিরুদ্ধে ফুলতলা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা গেছে, তানজিলার স্বামী গাড়াখোলা গ্রামের মতিয়ার রহমান মোল্যা গত ৭ বছর পূর্বে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর মসজিদের ইমাম হাজ্জাজ পাড়ের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গাড়াখোলা মসজিদের ইমাম মোঃ সিরাজুল ইসলাম ও প্রতারক হাজ্জাজ বিয়ের প্রলোভন দেখিয়ে ভুয়া কাবিন ফর্ম এনে স্বাক্ষর করে স্বামী স্ত্রীর মতো সংসার করতে থাকে। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসি তার কাছে কাবিননামা দেখতে চায়। পরবর্তীতে ওই প্রতারক এক সপ্তাহ পর নওয়াপাড়ার ধোপাধী এলাকা থেকে এক লাখ টাকা দেনমোহরে রেজিস্ট্রি কাবিননামা করে এবং উসুল দেখিয়ে দেয়। রেজিস্ট্রি কাবিননামার পর এলাকাবাসি তানজিলাকে স্বামী হাজ্জাজ পাড়ের বাড়িতে তুলে দিলে কৌশলে তিনি পালিয়ে যান। কিন্তু স্বামী হাজ্জাজের প্রথম স্ত্রী, ভাসুরসহ পরিবারের লোকজন তানজিলাকে অমানুষিক নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তানজিলা বর্তমানে স্ত্রীর মর্যাদা পেতে এলাকার গণ্যমান্য ব্যাক্তির দ্বারে দ্বারে ঘুরছে। বিচার না পেয়ে অবশেষে তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে তানজিলার ভাবী সীমা খাতুন (৩৬) বলেন, আমার ননদকে নিয়ে হাজ্জাজ পাড় বিভিন্ন সময় আমার বাড়িতে স্বামী স্ত্রীর পরিচয়ে রাত যাপন এবং তাকে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যেতেন। ভুয়া কাবিননামার বিষয়টি আমরা বুঝতে পারেনি। হাজ্জাজ পাড়ের প্রতারণার বিরুদ্ধে সঠিক বিচার দাবি করছি।