অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল ৮টার দিকে অজ্ঞাতপরিচয় এক নারী রেললাইনের ওপর বসে ছিলেন। এ সময় যশোরগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ৬১ নম্বর রেলগেটে কর্মরত গেটম্যান পরশ ইসলাম জানান, আনুমানিক ৪৫ বছরের এক নারী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। তার মরদেহ রেললাইনের পাশে রয়েছে। বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ ব্যাপারে নওয়াপাড়া রেলস্টেশন মাস্টার মিন্টু কুমার রায় বলেন, রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের ব্যবস্থা করা হচ্ছে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।