ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটী ইউনিয়নে মাটিবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে জাকিয়া (৪) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের কামতা পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত জাকিয়া কামতা গ্রামের জাফিরুল ইসলামের মেয়ে। নিহত শিশুর ফুফা সাবদার হোসেন জানান, সকালে বাড়ি সংলগ্ন রাস্তার ধারে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল জাকিয়া। এ সময় একটি ট্রাক্টর ঘটনাস্থলে পৌঁছালে শিশুটি হঠাৎ দৌড়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাক্টরটি ওই শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাকিয়ার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন জানান, শিশুটি ট্রাক্টরের হর্ণ শুনে রাস্তা পার হতে গিয়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাক্টর চালক কামতা গ্রামের নজরুলের ছেলে মাসুদ এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ট্রাক্টর চালক মাসুদ পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।