ফরহাদ খান, নড়াইল : নড়াইল শহরের পুরাতন বাসটার্মিনাল এলাকায় নার্সিং কলেজ সড়কে তিনটি বেকারিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান জানান, বিস্কুট ও কেক জাতীয় খাবারে ক্ষতিকর কাপড়ের রঙ ব্যবহার করায় মাহমুদা বেকারিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ওজনে কম দেওয়ায় আল আমিন বেকারিকে দুই হাজার এবং পদ্মা বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি বেকারিকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, যে বিস্কুট ও কেকের প্যাকেটে ২৫০ গ্রাম লিখে ভোক্তা পর্যায়ে বিক্রি করা হচ্ছে, অভিযানে গিয়ে সেইসব প্যাকেটের কোনোটিতে ২০০ গ্রাম, কোনোটিতে ২০৬, ২২০ ও ২৪০ গ্রাম পাওয়া গেছে। এক্ষেত্রে ভোক্তাকে ঠকানো হচ্ছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।