অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমরান হোসেন (৩৫) নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে শিশুটির বাবা বাদী হয়ে শিক্ষক ইমরান হোসেনের বিরুদ্ধে অভয়নগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। অভিযুক্ত শিক্ষক উপজেলার বুইকারা গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। নির্যাতিত স্কুলছাত্রীর বাবা মামলার বাদী জানান, তার মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে স্কুলে টিফিনের সময় সে স্কুলের পাশে বাথরুমে যায়। ওই সময় স্কুলের সহকারী শিক্ষক ইমরান হোসেন বাথরুমে ঢুকে তাকে একা পেয়ে ধর্ষণ করেন। এতে তার রক্তাক্ত জখম হয়। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়ায় সে ভয়ে ক্লাসে না গিয়ে বাড়িতে চলে আসে। পরদিন মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে ভুক্তভোগী তার মাকে জানায়, শিক্ষক ইমরান হোসেন স্কুলের বাথরুমের ভেতর ফেলে তাকে ধর্ষণ ও নির্যাতন করেছে। পরে রক্তাক্ত জখম দেখে ভুক্তভোগীর মা বিষয়টি তাকে জানালে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে জানানো হয়। মামলার আসামি ধর্ষক ইমরান হোসেন ও তাকে পালিয়ে যেতে সহযোগিতা করা সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, মঙ্গলবার রাতে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে শিক্ষক ইমরান হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ঘটনার পর অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে চলে গেছেন। আশা করি দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে। এ ব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘মঙ্গলবার বিকেলে চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে তার বাড়ি থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা শেষে ধর্ষণের আলামত পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য রাতেই শিশুটিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’