প্রেসবিজ্ঞপ্তি : যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক ওরিয়েন্টেশন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত। যশোর জেলা তথ্য অফিসের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় “শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় বৃহস্পতিবার সকালে শংকরপুর মাধ্যমিক বিদ্যালয় যশোর মিলনায়তনে ছাত্রছাত্রী ও শিক্ষকদের নিয়ে ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক ওরিয়েন্টেশন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন করা হয়। সিনিয়র তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন যশোর সিভিলসার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মৌসুমি বিনতে মানিক, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ মাজেদুর রহমান, প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম ও অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে শতাধিক ছাত্রছাত্রীকে ডেঙ্গু বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা ও ভিডিও প্রদর্শনী করা হয় এবং পরবর্তীতে ছাত্রছাত্রী, শিক্ষকদের নিয়ে বিদ্যালয়ের আঙিনা ও মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়।