অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে গাঁজা কিনতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন হেদায়েত শেখ (২৫) নামে এক যুবক। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত হেদায়েত শেখ খুলনার দিঘলিয়া উপজেলার মহিশদিয়া গ্রামের সবুর শেখের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইমদাদুল শেখ জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের জিরোপয়েন্ট বাজার এলাকা থেকে হেদায়েত শেখকে আটক করা হয়। তিনি খুলনা থেকে অভয়নগরে গাঁজা কিনতে এসে পুলিশের হাতে ধরা পড়েন। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি নিজের অপরাধ স্বীকার করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। আদালতে হেদায়েত শেখ জানান, বন্ধুদের জন্য গাঁজা কিনতে এসে তিনি এ পরিস্থিতিতে পড়েছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।