নিজস্ব প্রতিবেদক : যশোরে পৈতৃক জমি জোরপূর্বক দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন হেলাল হোসেন নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং পৈতৃক জমির অধিকার রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হেলাল হোসেন জানান, তার পিতা মৃত ইনতাজ আলী বিশ্বাসের রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। যশোর সদর উপজেলার চাউলিয়া মৌজায় ৯২৫ নম্বর খতিয়ানের এসএ ৫৫৪ দাগে মোট ৭ শতক জমি তাদের পৈতৃক সম্পত্তি। তার দাদা মকসেদ আলী বিশ্বাস জীবিত থাকা অবস্থায় ৬২৯০ নম্বর দলিলে ইউনুচ আলী মোল্লার কাছে ২ দশমিক ২৫ শতক জমি বিক্রি করেন। দাদার মৃত্যুর পর বৈধ ওয়ারিশ হিসেবে তারা ওই জমি ভোগদখল করে আসছিলেন। হেলাল হোসেনের অভিযোগ, স্থানীয় ইমদাদুল ইসলাম টুটুল, তার বড় ভাই মেহেদি হাসান বাবু ওরফে বোতল বাবু, তাদের চাচা মুনতাজ গাজী, হায়দার গাজী, নিজাম গাজীসহ তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে ওই জমি দখলের চেষ্টা করছেন। গত ২৪ অক্টোবর তারা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জমিতে অনধিকার প্রবেশ করে দখলের চেষ্টা এবং ঘরবাড়ি বা সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেন। এতে বাঁধা দিলে তারা তাকে ও তার পরিবারের সদস্যদের গালিগালাজ এবং ভয়ভীতি প্রদর্শন করেন। একই সঙ্গে জমি ছেড়ে না দিলে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নিলে প্রাণনাশের হুমকি দেয়। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, অভিযুক্তদের হুমকির কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় তিনি ইতোমধ্যে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সংবাদ সম্মেলন থেকে হেলাল হোসেন তার পৈতৃক জমির অধিকার রক্ষা, জমি দখলের চেষ্টা বন্ধ এবং নিজের ও পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মমতাজ আলী বিশ্বাস, সৈয়দা রেহানা পারভীন, মিতা খাতুন, রোকেয়া বেগম, সাথী আক্তার, ফরিদা বেগম প্রমূখ।