কলারোয়া প্রতিনিধি : কলারোয়া বাজারে রাস্তা দখল করে ফল বিক্রি করার অভিযোগে ৯ ফলব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ১৮ হাজার জরিমানা করা হয়েছে। এছাড়া রাস্তার পাশের এক দোকানে মেয়াদোত্তীর্ণ বিস্কুট জব্দ করে তা বিনষ্ট করা হয়। শনিবার সকাল ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম কলারোয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন । দীর্ঘদিন ধরে এসব ফলব্যবসায়ীরা রাস্তা দখল করে ব্যবসা চালিয়ে যাওয়ায় যানজট স্থায়ী রূপ নেয়। তাদের দফায় দফায় পৌর কর্তৃপক্ষ সতর্ক করলেও তারা ভ্রুক্ষেপ করেনি। নির্দেশনা অমান্য করায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ১০৮(৭) ধারায় ফলব্যবসায়ী আজমল হোসেনসহ ৯ ফলব্যবসায়ীর প্রত্যেককে ২ হাজার টাকা করে ১৮ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা বিএসটিআই-এর অনুমোদনবিহীন মেয়াদোত্তীর্ণ দুই প্যাকেট খোলা বিস্কুট বিনষ্ট করে তা বেত্রবতী নদীতে ফেলে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এসএমএ সোহেল, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আবু মুসা, কলরোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী আব্দুল মান্নান প্রমুখ।