সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে অভিনব কায়দায় শরীরের অভ্যন্তরে (মলদ্বারে) লুকিয়ে ভারতে স্বর্ণ পাচার করার সময় জহির শাহ গোলাম হোসেন (৪৩) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি। গত ২ নভেম্বর সকাল ৯ টার দিকে ভোমরা আইসিপির একটি বিশেষ আভিযানিক দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। আটককৃত জহির শাহ ভারতের মুম্বাইয়ের ছিতা ক্যাম্প এলাকার গোলাম হোসেন শের খানের ছেলে এবং তাঁর পাসপোর্ট নম্বর ত৬৪৮৭৪৫৮। সাতক্ষীরা ৩৩ ব্যাটেলিয়ন বিজিবি পরিচালক লে. কর্নেল কাজী আশিকুর রহমানের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার করা হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে সন্দেহভাজন ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ বহনের কথা অস্বীকার করলেও পরবর্তীতে স্থানীয় হাসপাতালে নিয়ে শারীরিক পরীক্ষা করা হলে তাঁর মলদ্বারে বিশেষ কায়দায় লুকানো দুটি প্যাকেটে স্বর্ণের পেস্টের অস্তিত্ব নিশ্চিত করা হয়। উদ্ধারকৃত ৮১৩.৫০ গ্রাম ওজনের এই স্বর্ণের পেস্টের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা। এ ঘটনায় আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবি। সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবির এমন কঠোর ও তৎপর ও অভিযান অব্যাহত থাকবে।